logo

এমপিদের জন্য গাড়ি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে জবাব পেলেন হাসনাত আবদুল্লাহ

এমপিদের জন্য গাড়ি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে জবাব পেলেন হাসনাত আবদুল্লাহ

সংসদ সদস্যদের যাতায়াতের জন্য গাড়ি সুবিধা দিতে জাতীয় সংসদে দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারপ্রধান শুরুতেই সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ-সুবিধা না নেওয়ার ব্যাপারে অনুশাসন দিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ দাবিটি উত্থাপন করেন।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারি গাড়ি আছে। সংসদ সদস্যদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই। আমরা অনেক সময় ভাড়ায় গাড়ি নিয়ে নির্বাচনি এলাকায় যাতায়াত করতে হয়। যা লজ্জায় কাউকে বলতে পারি না। মানুষের কাছাকাছি পৌঁছানোর সুবিধার্থে আমাদের জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়…।

হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকারের অনুমতি নিয়ে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের জন্য আলাদা কোনো বিলাসিতা বা অতিরিক্ত সুযোগ-সুবিধা না নেওয়ার ব্যাপারে শুরুতেই অনুশাসন দিয়েছেন। বিদ্যমান আইন সংশোধন করে সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানোসহ সরকারি কর্মকর্তাদের লোন সুবিধাও সীমিত করা হয়েছে। সংসদ সদস্যের দাবির বিষয়ে সরকারি ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো বিহিত ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহর দাবি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ছোটদের আবদারে সবসময় ‘না’ বলতে নেই। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে দ্রুত নেতিবাচক উত্তর না দিয়ে এটি বিবেচনার আশ্বাস দিলে তিনি আরও খুশি হতেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, এমন বড় কোনো ইতিবাচক খবরের আশায় তিনি মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নিলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা হোঁচট খেয়েছেন। এ সময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। তবে আলোচনার শেষ পর্যায়ে স্পিকার পুনরায় স্মরণ করিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষ অংশে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করেছেন।