অসুস্থ হয়ে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. হাসান আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী মো. সুজন জানান, গত ৬ এপ্রিল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢামেকে আনলে মেডিসিন বিভাগে ৫০১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হাসান আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নাম্বার ৯৭৮৪ /এ। বাবার নাম মৃত মুসলে উদ্দিন। তবে কোন মামলায় আটক ছিলেন, এই বিষয়ে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।