রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী বিদ্যমান সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল বিদ্যমান সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচিত রাষ্ট্রপতিকে তারা অভিনন্দনও জানিয়েছে। বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে অংশ নেওয়া ড. অলি আহমদও নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত আইনের আওতায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে। সেই তপশিল অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়ার মাধ্যমে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়া ও বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চার মধ্যে বিরোধী দল ও সরকারি দল নিজেদের অবস্থান থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। কিন্তু দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এটাই গণতন্ত্রের জয়যাত্রা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া।
বিরোধী দলকে অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি ৭০ ধারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা যে শপথ নিয়েছেন, তা সাংবিধানিকভাবে টিকে না। এই স্বীকৃতি তারাই দিলেন। সেজন্য আবারও তাদের অভিনন্দন জানাই।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিরোধী দলের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক দৃষ্টান্ত।



