বিমানের উড়োজাহাজ লিজ ও দুটি উড়োজাহাজ ফ্রেইটারে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী হাইবারি গ্রুপ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য উড়োজাহাজ লিজ এবং বহরে থাকা দুটি উড়োজাহাজকে পূর্ণাঙ্গ কার্গো উড়োজাহাজে (ডেডিকেটেড ফ্রেইটার) রূপান্তরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
সাক্ষাতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং এভিয়েশন সম্পদ ব্যবস্থাপনায় হাইবারি গ্রুপের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
বিমানমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় মধ্যবর্তী সময়ের চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত বিষয় যাচাই করা হবে।
দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদা মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কার্গো পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে বিমানের আয় বৃদ্ধিতেও তা ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
