logo

অফিস-আদালত চলছে নতুন সময়সূচিতে

অফিস-আদালত চলছে নতুন সময়সূচিতে

রমজান মাস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে নতুন সময়সূচিতে চলছে অফিস, আদালত ও ব্যাংক। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের তথ্যমতে, রমজানে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে ১৫ মিনিট (সোয়া ১টা থেকে দেড়টা) নামাজের বিরতি থাকবে।

রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেখানে বলা হয়, রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে আদালতের কার্যক্রম। তবে, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে ১৫ মিনিট (সোয়া ১টা থেকে দেড়টা) নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর অফিস কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। মাঝে ১৫ মিনিট (সোয়া ১টা থেকে দেড়টা) নামাজের বিরতি থাকবে।

রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।