রোহিঙ্গা ইস্যুতে সাম্প্রতিক বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে ব্যবহৃত তথ্য ও পরিসংখ্যান নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) মো. তৌফিক-উর-রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে তিনি এসব উদ্বেগের কথা জানান।
গত ১৫ আগস্ট রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলে মহাপরিচালক বলেন, ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যার সঠিক প্রতিফলন বলে জানান তিনি।
এ সময় দ্বিপক্ষীয়ভাবে সম্মত কাঠামোর আওতায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতের সহযোগিতা চান তৌফিক-উর-রহমান। যাচাইয়ের ক্ষেত্রে শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে জোরপূর্বক পালিয়ে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদেরও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ বর্তমানে এসব রোহিঙ্গার নিবন্ধন করছে জানিয়ে তিনি বলেন, ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের বিদ্যমান তালিকার বাইরে থাকা রোহিঙ্গাদের তথ্যও যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। যাচাই প্রক্রিয়ায় এসব অতিরিক্ত তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ আরও স্পষ্ট করে জানায়, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা সাম্প্রতিক সময় পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষও স্বীকার করে এসেছে।
বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ মিয়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত সোয়ে মোয়ে। একই সঙ্গে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে তার সরকারের প্রতিশ্রুতির কথা জানান তিনি।
বৈঠকে মহাপরিচালক তৌফিক-উর-রহমান পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলকভাবে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন।



