logo

ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানি দেওয়া শুরু করতে যাচ্ছে নতুন সরকার। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রম উদ্বোধন করবেন।

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসমাইল জাবিউল্লাহ বলেন, মাসিক সম্মানীর পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতাও দেওয়া হবে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিদের এক হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। এ ছাড়া দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

তিনি বলেন, ১৫ মার্চের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে উপকারভোগী ব্যক্তিদের কাছে সম্মানীর টাকা পৌঁছে দেওয়া হবে। এর আগে ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন তিন হাজার এবং খাদেম দুই হাজার করে পাবেন টাকা।

এ ছাড়া প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত পাঁচ হাজার টাকা এবং সেবাইত তিন হাজার টাকা করে পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা বিহার অধ্যক্ষ পাঁচ হাজার টাকা এবং উপাধ্যক্ষ তিন হাজার টাকা করে পাবেন। প্রতি খ্রিষ্টান চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা পালক বা যাজক পাঁচ হাজার টাকা, সহকারী পালক বা যাজক পাবেন তিন হাজার টাকা। 

মো. ইসমাইল জাবিউল্লাহ জানান, সম্মানি দেওয়ার ক্ষেত্রে চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। প্রতি অর্থবছরে চার হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন হবে। চার বছরে ধারাবাহিকভাবে দেওয়া হবে। এ সম্মানি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে দেওয়া হবে।