ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আইজিপি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আইজিপি
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলন ইউএনকপসে অংশ নিতে আইজিপি মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

দুই দিনব্যাপী এই সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনের মূল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যে ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ পুলিশ অবদানকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।