‘কেবল জ্ঞান থাকলেই সমস্যার সমাধান সম্ভব হয় না’

সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বলেছেন, ‘বর্তমান যুগটি মূলত তথ্যের যুগ। এই সময়ে আমাদের প্রত্যেকেরই তথ্যসমৃদ্ধ (ইনফরমেটিভ) হওয়া অত্যন্ত জরুরি। কারণ, কেবল প্রথাগত জ্ঞান থাকলেই কোনো সমস্যার বাস্তব সমাধান সম্ভব হয় না।’
সম্প্রতি এশিয়া পোস্টের বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুব কবির মিলন বলেন, ‘আগে আমরা শিখতাম জ্ঞানই আলো বা জ্ঞানই শক্তি (নলেজ ইজ পাওয়ার)। কিন্তু বর্তমানে জ্ঞান এবং তথ্যের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। সঠিক সময়ে সঠিক তথ্যের সঠিক ব্যবহার ও প্রয়োগই একজন মানুষকে প্রকৃত অর্থে তথ্যসমৃদ্ধ করে তোলে।’
তিনি আরও বলেন, জ্ঞান থাকলেই অনেক সময় কোনো লক্ষ্য অর্জন সম্ভব হয় না, যদি না সেই জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া যায়। তথ্য তখনই কার্যকর হয়, যখন সেটিকে কাজে লাগিয়ে কোনো সমস্যার বাস্তব সমাধান করা সম্ভব হয়।
রেলওয়ের উদাহরণ টেনে সাবেক এই অতিরিক্ত সচিব বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তিকে সবসময় তথ্যের সন্ধানে থাকতে হবে এবং সেই তথ্যের ভিত্তিতে কাজ করতে হবে। যেমন রেলের কোনো প্রকল্পে দুর্নীতি হতে পারে, এটি জানা একটি সাধারণ ধারণা বা জ্ঞান। কিন্তু সুনির্দিষ্টভাবে পাথর বা স্লিপার কম দেওয়া হচ্ছে কি না, তা মেপে দেখা হলো ‘তথ্য’। নলেজ থাকার পরও যদি কেউ সঠিক সময়ে তথ্যের বাস্তব প্রয়োগ না করে, তবে তার ফলাফল শূন্য হতে পারে।
তিনি মনে করেন, প্রশাসক বা নীতিনির্ধারকদের কেবল ডেস্কে বসে ফাইলবন্দি না থেকে সরাসরি মাঠে গিয়ে বাস্তব তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে মাহবুব কবির মিলন জানান, তার প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড অর্থনীতি হলেও তিনি শুধুমাত্র সঠিক তথ্যের জোরে বিজ্ঞানের জটিল বিষয়গুলো নিয়েও সফলভাবে কাজ করতে পেরেছেন।
সাবেক এই আলোচিত সচিব তার সময়কার ফরমালিনবিরোধী অভিযানের উদাহরণ দিয়ে বলেন, ‘ফরমালিন ফলে কাজ করে না—এই তথ্যটি অনেকেরই জানা ছিল না। আমরা তথ্যের ভিত্তিতে কাজ করে বাণিজ্যিক ফরমালিন আমদানি বন্ধের ব্যবস্থা করেছিলাম, যাতে এটি যত্রতত্র বিক্রি হতে না পারে।’ যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বড় পরিবর্তন আনা বা সিস্টেম সংস্কার করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে ফুড সেফটি চেইন বা খাদ্যশৃঙ্খল ধ্বংস হয়ে যাওয়ার পেছনে তথ্যের অভাব এবং তা প্রয়োগের অনীহা দায়ী। তথ্যের ভিত্তিতে যদি সুনির্দিষ্ট স্পটে গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, তবে যেকোনো বড় সিন্ডিকেট বা মাফিয়া চক্রকেও দমন করা সম্ভব।
প্রথাগত আমলাতান্ত্রিক পদ্ধতিতে কাজ না করে তথ্যের ভিত্তিতে সরাসরি মাঠে নামলে কাজের গতি অনেক বৃদ্ধি পায় উল্লেখ করে তিনি বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রশাসনকে তথ্যের শক্তিতে বলীয়ান হতে হবে।







