logo

‘ফুয়েল পাস’ নিয়ে আরও ছয় জেলার বাইকারদের সুখবর দিল সরকার

‘ফুয়েল পাস’ নিয়ে আরও ছয় জেলার বাইকারদের সুখবর দিল সরকার

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা জেলায় এ কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও নতুন করে আরও কয়েকটি জেলার মোটরসাইকেলচালকেরা এই সিস্টেমের আওতায় নিবন্ধনের সুযোগ পাবেন।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলাকে উন্মুক্ত করা হয়েছে।  উল্লেখিত জেলাসমূহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আরও জানায়, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে।