logo

মেধা-মননশীলতায় বিশ্বে মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

মেধা-মননশীলতায় বিশ্বে মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা কাজে লাগিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সের সেমিনার হলে আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ড. এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সহসভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ইয়াসমিন গফুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ফারুক হোসেন। এতে সমিতির সহসভাপতি মো. আব্দুর রহমান খান ও মো. মোখলেছুর রহমানসহ অন্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, আইন সম্পর্কে জানতে হবে এবং আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। ইতিবাচক চিন্তা করতে হবে এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইজিপির অনুরোধে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে তিন শিক্ষার্থী মতামত তুলে ধরে। তারা পুলিশকে আরও বন্ধুসুলভ ও জনবান্ধব হিসেবে দেখতে চাওয়ার পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করে।

সভাপতির বক্তব্যে ড. এম আকবর আলী বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে এবং জনসেবার মান আরও উন্নত করতে হবে।

কমিউনিটি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থায়নে বাংলাদেশ পুলিশ পরিচালিত বিভিন্ন স্কুল ও কলেজের ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৪০০ শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের ১০০ শিক্ষার্থীর হাতে সরাসরি বৃত্তি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। বাকি ৩০০ শিক্ষার্থীর কাছে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে।