logo
Advertisement

রংপুরে ৪ খুনের ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে: আসাদুল হাবিব

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রংপুরে ৪ খুনের ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে: আসাদুল হাবিব
আসাদুল হাবিব দুলু ছবি: এশিয়া পোস্ট

রংপুর নগরীতে সংঘটিত নৃশংস চার খুনের ঘটনার রহস্য উন্মোচন করে অল্প কিছুদিনের মধ্যেই আদালতে চার্জশিট দেওয়া হবে এবং দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হত্যাকণ্ড প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসাদুল হাবিব দুলু বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতেই কিছুটা সময় লাগছে।

তিনি বলেন, রংপুর শহরে অতীতে এত বড় হত্যাকাণ্ডের নজির আমার জানা নেই। নেপথ্যে যারা জড়িত রয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা সবচেয়ে জরুরি। তদন্তকারী সংস্থাগুলো নিখুঁতভাবে কাজ করছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই একটি নিরপেক্ষ ও নির্ভুল চার্জশিট পেশ করে দ্রুততম সময়ে এর বিচারকার্য শেষ করতে পারব।

স্বাস্থ্য খাতের জরাজীর্ণ অবস্থা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের জুলুম, অনাচার ও চরম দুর্নীতির কারণে কেবল স্বাস্থ্য খাত নয়, দেশের প্রতিটি খাতই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। বর্তমান প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা খাত পুনর্গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতে তীব্র জনবল সংকট থাকলেও ইতিমধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুততম সময়ে জনবল পদায়ন করে রংপুর মেডিকেলের সার্বিক সংকট দূর করা হবে।

হাসপাতালের আইসিইউ শয্যাসংকট ও প্রশাসনিক তদারকি নিয়ে তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজের গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন কতদূর হলো এবং কোথায় বাধা সৃষ্টি হচ্ছে, তা সরাসরি অনুসন্ধান করতেই আমার আজ এখানে আসা। আইসিইউ বেডের একটি দীর্ঘদিনের দাবি ছিল, যা কেবল বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যানেস্থেটিস্টের অভাবে আটকে ছিল। ইতিমধ্যে সেখানে প্রয়োজনীয় পদায়ন করা হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই নতুন আইসিইউ শয্যাগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের নিয়মিত মাসিক প্রশাসনিক সভায় অংশ নেন মন্ত্রী।

এর আগে, সকালে রংপুর নগরীতে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’ (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি।