৬০ লাখ আনসার সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের দক্ষতা, সক্ষমতা ও ইতিবাচক কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) আনসার-ভিডিপি সদর দপ্তরে বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আনসার-ভিডিপির বিশাল সদস্যশক্তিকে প্রচলিত কর্মকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, প্রযুক্তিনির্ভর ও গতিশীল কর্মধারায় সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নতুন এই মিডিয়া সেল সরকারের উন্নয়ন কার্যক্রম এবং মাটি ও মানুষের কল্যাণে আনসার-ভিডিপির বহুমাত্রিক অবদান জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ কেবল একটি মিডিয়া সেল নয়; এটি বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার নতুন অধ্যায়ের সূচনা।
তিনি বলেন, এই প্ল্যাটফর্ম সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারের পাশাপাশি বাহিনীর সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপির বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে সরকারের আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। নতুন এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর সদস্যদের অবদান, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাফল্যের গল্প এবং বিভিন্ন ইতিবাচক উদ্যোগ দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






