logo

সপ্তাহের শেষে মিলবে ৩ দিনের ছুটি, পাবেন না যারা

সপ্তাহের শেষে মিলবে ৩ দিনের ছুটি, পাবেন না যারা
ছবি : এশিয়া পোস্ট

দেশের সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা চলতি সপ্তাহের শেষ দিকে পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে এবং এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর (শুক্রবার) থেকে ৮ নভেম্বর (রোববার) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল।

তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উদযাপিত হবে। এর সঙ্গে ৬ নভেম্বর শুক্রবার হওয়ায় টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হবে শ্যামাপূজা। সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ফলে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও একই ছুটির আওতায় থাকবে।

স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে চিত্র ভিন্ন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকাতেও শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন না।

উল্লেখ্য, শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে সাধারণত এ পূজা উদযাপন করা হয়।