গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং কার্যক্রম আরও কার্যকর করতে সুপারিশ প্রণয়ন করবে।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে। পাশাপাশি এ দুই কমিটির অর্পিত দায়িত্বও পালন করবে পুনর্গঠিত কমিটি।
কমিটির অন্য সদস্যরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।





