ছুটি নিয়ে পলাতক, পুলিশের আরও এক কর্মকর্তা বরখাস্ত

এশিয়া পোস্ট ডেস্ক
ছুটি নিয়ে পলাতক, পুলিশের আরও এক কর্মকর্তা বরখাস্ত
ছবি : সংগৃহীত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. তোহিদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ‘পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এতে বলা হয়, মো. তোহিদুল ইসলাম ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসকের সনদ সংযুক্ত করে ১০ দিনের ছুটির আবেদন পাঠালেও তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। এ সময় তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি বর্তমান ও স্থায়ী ঠিকানায় সংশ্লিষ্ট থানার মাধ্যমে একাধিক নোটিশ পাঠানো হলেও তিনি সাক্ষ্য দিতে হাজির হননি।

পরে তার বড় ভাই কর্তৃপক্ষকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাকে বরখাস্তের মতামত দেয়।

গত ১২ জুলাই রাষ্ট্রপতি তাকে চাকরি থেকে বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে মো. তোহিদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এর আগে গত ৯ জুলাই র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস; রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান ছুটি নিয়ে আর কর্মস্থলে হাজির হননি। নির্ধারিত ছুটি শেষে যোগদানের তারিখে তিনজনের কেউই আর কর্মস্থলে ফেরেননি।

কর্তৃপক্ষের একাধিক নোটিশ, বিভাগীয় মামলা, তদন্ত এবং দুই দফা কারণ দর্শানো হলেও তারা ধরা দেননি। দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে 'পলায়ন' ও 'অসদাচরণ' ও ৬০ দিনের অনুপস্থিতি প্রমাণিত হওয়ায় তাদের তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করে সরকার।