জুলাই থেকেই মিলতে পারে নবম পে-স্কেলে মূল বেতন

এশিয়া পোস্ট নিউজ
জুলাই থেকেই মিলতে পারে নবম পে-স্কেলে মূল বেতন
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়ন হতে পারে। আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভাতা কার্যকর হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। এছাড়া বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কম হতে পারে।

Advertisement

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটি শুরুতে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। ওই সুপারিশ অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে কমিশনের প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে ভাতা কার্যকরের কথা ছিল। তবে এভাবে বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে।

অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে, নতুন কাঠামোর ৫০ শতাংশ কার্যকর করলেও প্রকৃত বেতন বৃদ্ধি খুব সামান্য হবে। কারও কারও ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ নিয়ে সরকারি কর্মচারীদের আপত্তির পর বাস্তবায়ন কমিটি পরিকল্পনায় পরিবর্তন আনে।

নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকর করার সুপারিশ করা হচ্ছে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।

সূত্র জানায়, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।