logo

রাতেই আঘাত হানতে পারে শক্তিশালী কালবৈশাখী

রাতেই আঘাত হানতে পারে শক্তিশালী কালবৈশাখী

রাজধানী ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। একইসঙ্গে দেশের প্রধান নদীপথে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন, রাত ২টার পর থেকে সকাল ৬টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

পোস্টে আরও বলা হয়, রাত ১১টার পর থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগের কালবৈশাখীসহ তীব্র বজ্রপাত হতে পারে, যা পদ্মা নদী, মেঘনা নদী ও যমুনা নদী এলাকার ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এতে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে উল্লেখ করা হয়।

এ অবস্থায় বুধবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়।