logo

রোসাটমের বিবৃতি/অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: এশিয়া পোস্ট

আগামী অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম (পারমাণবিক জ্বালানি) সরবরাহ শুরু করছে রাশিয়া।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে রোসাটম জানায়, ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহের প্রক্রিয়া চলবে। নির্ধারিত চুক্তি ও প্রকল্পের সময়সূচি মেনে চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ এই জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। নিরাপত্তা ও প্রোটোকল বজায় রেখে কয়েকটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে পরিবহন করা হবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রয়োজনীয় জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছায়। চলতি ২০২৬ বছরের মে মাসে সফলভাবে সেই জ্বালানি প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।

জ্বালানি পরিবহনের রুট প্রসঙ্গে জানা যায়, রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে পৌঁছায়। তবে সম্প্রতি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ইউরেনিয়াম বহনকারী ফ্লাইটের পূর্বনির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল।

পরিমার্জিত সেই নতুন তারিখ চূড়ান্ত করে রোসাটম বাংলাদেশ পক্ষের সব অংশীজনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। সেই অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকেই বাংলাদেশে ইউরেনিয়াম আসা শুরু হচ্ছে বলে জানায় রোসাটম।

এদিকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়নি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে ফোনে তিনি জানান, রূপপুরের জন্য ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল।

পাকিস্তান কেন ওই বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ এখনো বাংলাদেশ জানতে পারেনি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ইউরেনিয়াম পরিবহনের জন্য নতুন সময়সূচি নির্ধারণের কাজ চলছে। রাশিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি বাংলাদেশে পৌঁছাতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এএনআইকে বলেন, ইউরেনিয়ামবাহী বিমান আসার কথা থাকায় বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিমানটির অপেক্ষায় ছিলেন।

পরে রূপপুর প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা বাংলাদেশকে জানান, বিমানটির নির্ধারিত আকাশপথ ব্যবহারে সমস্যা তৈরি হয়েছে। ফলে পরিকল্পনা অনুযায়ী বিমানটি পাঠানো সম্ভব হয়নি। এ কারণে নতুন করে সময়সূচি নির্ধারণ করতে হবে বলে জানান তিনি।

তবে ঠিক কোন দেশ বা কর্তৃপক্ষ বিমানটির আকাশপথ ব্যবহারে বাধা দিয়েছে, সে বিষয়ে বাংলাদেশি কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি। এ বিষয়ে রোসাটমের এক প্রতিনিধির কাছে জানতে চেয়ে এএনআই ই-মেইল করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

রূপপুর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে পদ্মা নদীর তীরে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

রূপপুরে তৃতীয় প্রজন্মের VVER-1200 প্রযুক্তির দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হচ্ছে। দুই ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

প্রথম ইউনিটের জন্য কম সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশে পৌঁছায়। রোসাটমের নভোসিবির্স্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে তৈরি ওই চালানে ১৬৪টি নতুন ফুয়েল অ্যাসেম্বলি ছিল।

আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে একটি ভারী কার্গো বিমানে করে জ্বালানিগুলো সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তেজস্ক্রিয়তা প্রতিরোধী কনটেইনারে করে এসব জ্বালানি পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।

এ জন্য ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত বিশেষ ‘গ্রিন করিডর’ তৈরি করা হয়েছিল। জ্বালানি পরিবহনের সময় বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পরে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই জ্বালানি হস্তান্তর করা হয়।