logo
Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারবিষয়ক জাপানের বিশেষ দূত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারবিষয়ক জাপানের বিশেষ দূত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষ দূত জানান, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত বলেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত। এ সময় রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন মানবিক সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী জাপানের বিশেষ দূতকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। এ সংকট মোকাবিলায় পাশে থাকার জন্য তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর তীব্র চাপ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি।

জাপানের বিশেষ দূত জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে রাখাইন রাজ্যের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কারণ নিজ ভিটায় ফিরে গেলেই তাদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব।

বিশেষ দূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় প্রচেষ্টার পাশাপাশি বহুপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতার আহ্বান জানালে বিশেষ দূত বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।