স্ত্রীকে নিয়ে পুরান ঢাকার অলিগলি ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত

পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, অনন্য স্থাপত্যশৈলী ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সম্প্রতি তিনি স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক এই অঞ্চল ঘুরে দেখেন। ঢাকাইয়া আতিথেয়তা ও প্রাচীন ঐতিহ্যের সমন্বয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন এই মার্কিন দম্পতি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূতের এই সফর শুরু হয় মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শনের মাধ্যমে। বিশেষ করে কেল্লার হাম্মামখানা (তৎকালীন রাজকীয় স্নানাগার) ঘুরে দেখেন তারা।
ঐতিহাসিক এই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের আর্থিক সহায়তায় সংস্কার ও সংরক্ষণ করা হয়েছে। পুনরুজ্জীবিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কাজ ঘুরে দেখেন রাষ্ট্রদূত।
লালবাগ কেল্লা থেকে বেরিয়ে তারা যান সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানে। সেখানে কিছু সময় কাটানোর পর তারা পুরান ঢাকার চিরচেনা সেই ব্যস্ত গলিপথে হেঁটে বেড়ান। যান্ত্রিক শহরের মধ্যে পুরান ঢাকার মানুষের জীবনযাত্রা এবং অলিগলি দেখে রাষ্ট্রদূত বেশ রোমাঞ্চিত হন।
সফরের শেষ দিকে তারা স্থানীয় খাবার চেখে দেখেন। রাস্তার ধারে বিখ্যাত মসলা চা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুস্বাদু বিরিয়ানি দিয়ে রসনাবিলাস সারেন ক্রিস্টেনসেন দম্পতি।