ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে আসছে।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এ ডিজেল পৌঁছাবে।
মোরশেদ হোসাইন বলেন, সোমবার দুপুর ৩টা ২০ মিনিটে পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৫ হাজার টন ডিজেল আসতে প্রায় ৪৪ ঘণ্টা সময় লাগে। সে হিসেবে বুধবার সন্ধ্যার দিকে সরবরাহ সম্পন্ন হতে পারে।
তিনি আরও বলেন, প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন করে তেল পাম্পিং হয়।
২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটি উদ্বোধন করা হয়। এই পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ২ লাখ টন ডিজেল পরিবহন করা যায়। ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোর দূরত্ব ১৩১ কিলোমিটার।
এর আগে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। সেখানে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।