এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ মাঠপর্যায়ের বিভিন্ন সেবার ফি নতুন করে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে এনআইডি সংশোধনে সর্বোচ্চ ভ্যাটসহ ৪৬০ টাকা লাগবে। হারানো এনআইডি কার্ডের কপি জরুরি ভিত্তিতে পেতে গেলে সর্বোচ্চ ১ হাজার টাকা দিতে হবে।
সম্প্রতি ইসির উপসচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এক জরুরি চিঠির মাধ্যমে এ নতুন ফি তালিকার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করলে ভ্যাটসহ লাগবে ২৩০ টাকা। একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের আবেদনের ক্ষেত্রে গুনতে হবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যে কোনোবার আবেদনের জন্য ভ্যাটসহ ৪৬০ টাকা ফি দিতে হবে।
অন্যদিকে এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে লাগবে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যে কোনো আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা।
হারানো কার্ড উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার লাগবে ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যে কোনোবার লাগবে ৫০০ টাকা। জরুরি ভিত্তিতে প্রথমবার উত্তোলনে ৩০০ টাকা, দ্বিতীয়বার উত্তোলনে ৫০০ টাকা এবং পরবর্তী যে কোনোবার উত্তোলনে ১ হাজার টাকা লাগবে। উল্লিখিত সব ফি’র সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। নির্বাচনি দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে হলে দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকা দেখতে চাইলে দিতে হবে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন বা সিটি কিংবা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য/উপাত্ত যাচাই/সরবরাহ সেবা (বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে- এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার চার্জ/নবায়ন চার্জ ১ লাখ টাকা আর তথ্য সরবরাহ যাচাইয়ের জন্য দিতে হবে এক টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সুবিধা নিতে চাইলে যাচাই ফি দিতে হবে দুই টাকা।
বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, সাব-ইউজার সংখ্যা অনুসারে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা, প্রথম ৭০টির পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য পাঁচ টাকা দিতে হবে।
.png)





