বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলিসহ ম্যাগজিন, একটি পিস্তলসদৃশ বস্তু এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে থাকা এই ব্যক্তি রাজধানীসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টার দিকে বনানী থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে মহাখালী টিবি গেট-সংলগ্ন একটি বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয় বনানী থানার একটি বিশেষ টিম। অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার দেহ ও কক্ষ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তলসদৃশ বস্তু, দুই হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, জাহিদুল ইসলাম একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিল এবং রাজধানীতে মাদক সরবরাহ ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট—র্যাব, ডিবিসহ অন্যান্য সংস্থা দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় বনানী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
জাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।