বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তিনি সপরিবারে বঙ্গভবন ছাড়েন। এরপর রাজধানীর গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে ওঠেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।
একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন স্পিকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়।
দায়িত্ব গ্রহণের প্রায় ১৬ মাসের মাথায় অভাবনীয় এক রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।
এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভের মুখে পড়েন মো. সাহাবুদ্দিন।
তবে এত দিন দায়িত্ব পালন করার পর শুক্রবার দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই পদ থেকে ইস্তফা দেন।
.png)





