logo

করদাতা না বাড়িয়ে করের হার বাড়ানো অযৌক্তিক: ড. আব্দুল মজিদ

করদাতা না বাড়িয়ে করের হার বাড়ানো অযৌক্তিক:  ড. আব্দুল মজিদ
সাবেক এনবিআর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেছেন, করদাতা না বাড়িয়ে করের হার বাড়ানো অযৌক্তিক। কেননা যারা কর দেয় তাদের ওপরই গিয়ে তা পড়বে। এটি ঠিক না।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে উল্লেখ করে তিনি বলেন, টেকসই বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে আইবিএফবি’র প্রেসিডেন্ট লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, এসএমই উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

তবে তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইবিএফবি কর প্রশাসনের ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, ব্যবসা সহজীকরণ, এসএমই অর্থায়ন সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, পুঁজিবাজারের উন্নয়ন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার সুপারিশ পুনর্ব্যক্ত করে।