logo
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ

‘আল্লাহ সাক্ষী, আমি বা আমার পরিবারের কেউ রাজনীতি করি নাই’: গেজেট থেকে বাদ পড়া বুশরা

‘আল্লাহ সাক্ষী, আমি বা আমার পরিবারের কেউ রাজনীতি করি নাই’: গেজেট থেকে বাদ পড়া বুশরা
বুশরা জাহান ঐশি

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে ইংরেজি বিষয়ে ১৪তম মেধাক্রমে থেকেও চূড়ান্ত গেজেটে নাম আসেনি বুশরা জাহান ঐশির। তাঁর দাবি, গেজেটে তাঁর আগে ১৩তম ও পরে ১৫তম মেধাক্রমের প্রার্থীদের নাম থাকলেও তাঁর নাম বাদ পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে সরকার। এতে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চূড়ান্ত ফলাফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে সুপারিশ পাওয়া ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।

গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেন বুশরা জাহান ঐশি। তিনি জানান, ইংরেজি বিষয়ে তাঁর মেধাক্রম ১৪ হলেও গেজেটে ১৩ ও ১৫ নম্বর মেধাক্রমের প্রার্থীদের নাম রয়েছে, কিন্তু তাঁর নাম নেই।

নিজের পোস্টে ঐশি বলেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সারাজীবন পড়াশোনায় মনোযোগী থাকার পরও কেন তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন তিনি। একই সঙ্গে তাঁর জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন ঐশি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিসিএসের ফল প্রকাশের পর প্রায় ১০ মাসের বেশি সময় পার হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। এ সময়ে চাকরি না থাকায় আর্থিকভাবে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ঐশি আরও জানান, বিশেষ বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে এত দীর্ঘ সময় লাগবে—এটি তিনি আগে ভাবেননি। সময়মতো বিষয়টি জানলে হয়তো এর মধ্যে অন্য কোনো চাকরিতে যোগ দেওয়ার চেষ্টা করতেন। দীর্ঘ অপেক্ষার কারণে তাঁর মতো বেকারদের যে আর্থিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সে কথাও তুলে ধরেন তিনি।