নারীদের যাতায়াতে চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় দ্রুত এসব বাস চালু করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলো সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগ দেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এ সময় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য কমিটির উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব এবং মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
