logo
Advertisement

চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট নয়

এশিয়া পোস্ট প্রতিবেদক
চার দেশের যৌথ ঘোষণা: মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট নয়
এফডব্লিউসিএমএস এর লোগো। ছবি: সংস্থাটির ওয়েবসাইট থেকে নেওয়া

মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সিন্ডিকেট, একচেটিয়া আধিপত্য ও ‘ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর ওপর বেসরকারি নিয়ন্ত্রণের বিরুদ্ধে যৌথভাবে চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তান।

Advertisement

দেশ চারটির রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো স্পষ্ট বার্তা দিয়েছে—মালয়েশিয়ার শ্রমবাজার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া যাবে না; এটি সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন হতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা), নেপালের নেফিয়া, মিয়ানমারের মোইয়া এবং পাকিস্তানের পোয়েপার প্রতিনিধিরা এই অভিন্ন অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, সীমিতসংখ্যক বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে অন্য সব বৈধ এজেন্সিকে বাদ দেওয়ার যেকোনো উদ্যোগ মুক্ত প্রতিযোগিতা ও অভিবাসী শ্রমিকদের অধিকারের চরম পরিপন্থি। বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি এবং লাখ লাখ শ্রমিকের পরিবার ও জীবনযাত্রার মূল চালিকাশক্তি। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।

চার দেশের প্রতিনিধিরা এফডব্লিউসিএমএস পরিচালনার আইনগত ভিত্তি, রিক্রুটিং এজেন্সির যোগ্যতার মানদণ্ড ও চুক্তিপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক নজরদারির আওতায় আনার জন্য মালয়েশিয়া সরকারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শ্রমবাজারে যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ রুখে দিতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, নেফিয়ার সভাপতি দিক বাহাদুর খত্রী, মোইয়ার চেয়ারম্যান মিয়ো থান্ত ও পোয়েপার চেয়ারম্যান সৈয়দ রহমত আলী শাহ।