বদ্ধ বিমানে ৫ ঘণ্টা আটকা ১৮২ যাত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
বদ্ধ বিমানে ৫ ঘণ্টা আটকা ১৮২ যাত্রী
ফিটস এয়ারের যাত্রীবাহী বিমান। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় ১৮২ জন যাত্রীকে। এ সময় খাবার, প্রয়োজনীয় সহায়তা না দেওয়া এবং এয়ারলাইন্সের কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন একাধিক যাত্রী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে এয়ারলাইন্স পক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, ১১ জুলাই রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে ফিটস এয়ারের (৮ডি ০৯১২) ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। উড্ডয়নের আগে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি শনাক্ত করলে সেটি মেরামত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি ছেড়ে যায়।

যাত্রীদের অভিযোগ, রাত ২টা ৪৫ মিনিট থেকে সকাল পর্যন্ত তাদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। দীর্ঘ সময় খাবার না পাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। কয়েকজন যাত্রী দাবি করেন, ফ্লাইট বাতিল বা নামতে চাইলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

অন্যদিকে, ফিটস এয়ারের রানা নামের একজন মুখপাত্র দাবি করেন, বিলম্বের জন্য শুধু কারিগরি ত্রুটি নয়, রানওয়ে সংস্কার, বৈরী আবহাওয়া ও বিমানবন্দরের পরিচালনাগত সীমাবদ্ধতাও দায়ী। তিনি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন বিলম্বিত হয় এবং যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা বিমানে ছিলেন।

তিনি জানান, সকাল ৬টার দিকে যাত্রীদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল। তবে এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি।