logo

মোহাম্মদপুরে চাঁদার জন্য ইলেকট্রিক শক দেওয়া সেই ফারুক গ্রেপ্তার

মোহাম্মদপুরে চাঁদার জন্য ইলেকট্রিক শক দেওয়া সেই ফারুক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে এক এলপিজি গ্যাস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং তার কর্মচারীকে ইলেকট্রিক শক দেওয়ার ঘটনায় ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। সম্প্রতি এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ওই ব্যবসায়ী অভিযোগ দিলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও বলেন, ফারুককে গ্রেপ্তার করে এলাকায় এনে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করে পুলিশ। মূলত, ফারুককে দেখিয়ে স্থানীয় চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিতেই এই মাইকিং করা হয়। 

চাঁদাবাজ ফারুককে সঙ্গে নিয়ে মাইকিং করার সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, আপনারা কাউকে চাঁদা দিবেন না- এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি বসিলা সিটি হাউজিংয়ের রোড নম্বর–০৭ এলাকায় এলপিজি গ্যাস ব্যবসায়ী শাহিনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন ফারুক। চাঁদা না দিলে হত্যার হুমকি দেন তিনি। এতে কাজ না হলে গত ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দোকানে গিয়ে শাহিনকে না পেয়ে তার কর্মচারী হানিফের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই কর্মচারীকে ইলেকট্রিক শক দেওয়ার পাশাপাশি মারধর করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যান।

এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী শাহিন। এরপর ফারুককে ধরতে অভিযানে নামে পুলিশ। 

অভিযুক্ত ফারুক ওরফে ‘কালা ফারুক’ বিএনপি নেতা বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তবে বিএনপিতে তার পদ ও পদবি আছে বলে জানা যায়নি। এশিয়া পোস্টের সঙ্গে গতকাল (শনিবার) আলাপকালে নিজেকে বিএনপির সঙ্গে যুক্ত বলে স্বীকার কারেছেন ফারুক।