‘তন্ত্রর-মন্ত্রর দিয়ে নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ চলছে’

বিভিন্ন সময়ে ‘তন্ত্রর-মন্ত্রর’ দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এই অমুক্তিযোদ্ধা; যারা নানাভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই ধরনের অমুক্তিযোদ্ধা, যারা ‘তন্ত্রর-মন্ত্রর’ দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈবধভাবে, আমরা এ বিষয়গুলো নিয়ে কাজ করছি।
আহমেদ আযম খান আরও বলেন, আশা করি অল্প দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারব এবং জাতির সামনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারব।
এর আগে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সম্পূরক প্রশ্নে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, আমার এলাকাসহ বিভিন্ন এলাকায় আমি প্রমাণসহ দিতে পারব যে এমনও হয়েছে ২০০৯ সাল পর্যন্ত তাকে কেউ মুক্তিযোদ্ধা হিসেবে চিনত না, রাজাকার হিসেবেও চিনত না। কিন্তু ২০০৮ সালের পর দেখা গেছে কাউকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে, আবার অনেকে সত্যি সত্যিই রাজাকার ছিলেন, কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার কিছু দিন পর তারা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন। তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চান তিনি।