logo

ঈদযাত্রায় ট্রেনের টিকিট মিলবে ৩ মার্চ থেকে, এবারও শতভাগ অনলাইনে

ঈদযাত্রায় ট্রেনের টিকিট মিলবে ৩ মার্চ থেকে, এবারও শতভাগ অনলাইনে

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে, চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। আর ঈদপরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। তবে শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।

এ ক্ষেত্রে আগামী ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পরদিন ৪ মার্চ আগামী ১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ আগামী ১৯ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে।

অন্যদিকে, আগামী ১৩ মার্চ থেকে ঈদুল ফিতরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ওইদিন আগামী ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে। পরদিন ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের ফিরতি টিকিট। একইভাবে ১৫ মার্চ আগামী ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ আগামী ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন করা হবে।