বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও সাবেক সচিব মো. আব্দুল কাইয়ুম। একই নির্বাচনে মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।
সোমবার (২২ জুন) সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুন রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. আব্দুল কাইয়ুম এবং মহাসচিব পদে মিয়া লুৎফর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি পদে মো. আব্দুল মান্নান, মো. আবদুর রহমান খান পিপিএম ও মো. মোখলেছুর রহমান; কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল কুদ্দুস খান পিপিএম; যুগ্ম-মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা পিপিএম; দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মেদ; লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান পিপিএম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্যনির্বাহী সদস্যের ১১টি পদের বিপরীতে প্রার্থী বেশি থাকায় ২০ জুন ঢাকাসহ সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন— মো. ওবায়দুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ফাত্তাহ খান, সেতারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান পিপিএম, মো. আমীর আলী, মো. আব্দুস সামাদ, মো. জাফর উল্লাহ, মো. সিরাজুল ইসলাম পিপিএম-বার, মো. আমিনুল ইসলাম সরকার এবং মো. আলী হায়দার মিয়া।
নবনির্বাচিত কমিটির সব সদস্য গত ২১ জুন সমিতির দায়িত্বভার গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







