logo

দাম্মাম-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দাম্মাম-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ছবি: সংস্থাটির ওয়েবসাইট থেকে নেওয়া

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনীর হামলার প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১৭ অক্টোবর (শনিবার) পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদের সব ফ্লাইট স্থগিত থাকবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে জরুরি প্রয়োজনে যাত্রীদের সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফেরার জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আরও ২৭ বাংলাদেশিসহ আহত হয়েছেন ৩০৯ জন। আহত বাংলাদেশিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।