বিএনপি কি একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চায়: সংসদে আখতারের প্রশ্ন

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। ক্ষমতাসীন দলের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি কি বিরোধী দলের আসনে তাদের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চায়?
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এই প্রশ্ন তোলেন আখতার হোসেন।
এর আগে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জীবা আমিনা খান তার অতিরিক্ত দায়িত্বের এলাকা পীরগঞ্জ ও মিঠাপুকুর সফরের অভিজ্ঞতা তুলে ধরে একটি সম্পূরক প্রশ্ন করেন। এরপরই পয়েন্ট অব অর্ডারে এই সংসদীয় এখতিয়ার নিয়ে আপত্তি জানান আখতার হোসেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে ব্যাখ্যা দিয়ে বলেন, সংরক্ষিত নারী আসনের সদস্যরাও পূর্ণাঙ্গ সংসদ সদস্য। তারা সরকারি বরাদ্দ বাংলাদেশের যেকোনো স্থানে দিতে পারেন। কোনো সংরক্ষিত নারী আসনের সদস্য যদি সংসদে নির্দিষ্ট একটি বা দুটি এলাকাকে ‘আমার এলাকা’ হিসেবে উল্লেখ করেন, তবে তিনি নিজেই নিজের কার্যপরিধি সীমিত করেন। তাদের বলা উচিত, পুরো বাংলাদেশই তাদের এলাকা। সুনির্দিষ্ট আঞ্চলিক সীমানার ধারণা সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।





