গণভোটের রায় অস্বীকার করা বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত হবে: আকবর হোসেন

গণভোটে জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করা বিএনপির জন্য রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সাংবাদিক আকবর হোসেন।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপনে তিনি এসব কথা বলেন।
আকবর হোসেন বলেন, বাংলাদেশে প্রায় ৬৮ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। এর পর আর কোনো বিতর্ক থাকার কথা না। জুলাই সনদে নোট অব ডিসেন্ট যাই দেওয়া হোক না কেন, জনগণের রায়ের মাধ্যমে সবকিছু নির্ধারিত হয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি যদি গণভোটের ফলাফল সরাসরি প্রত্যাখ্যান করে, তাহলে তা দলটির জন্য ভবিষ্যতে রাজনৈতিক আত্মহত্যার শামিল হবে। তার ভাষায়, বিএনপি একটি পরিণত রাজনৈতিক দল এবং তারা আত্মঘাতী পথে হাঁটবে না বলেই তিনি আশা করেন।
আকবর হোসেন আরও বলেন, নির্বাচনি প্রচারণার সময় তারেক রহমান একাধিকবার হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাই এখন সেই অবস্থান থেকে সরে আসা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলেও বড় ধরনের প্রশ্ন ওঠেনি। কিছু বিচ্ছিন্ন অনিয়ম থাকলেও তা ফলাফলে প্রভাব ফেলার মতো ছিল না বলেও উল্লেখ করেন তিনি।




