স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত

সমালোচনার মুখে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের তৈরি করা ‘বৈজ্ঞানিক জীবনধারা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এক সপ্তাহের মাথায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে গত বৃহস্পতিবার (১২ মার্চ) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা।
এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক জীবনধারা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের জন্য দেওয়া নির্দেশটা স্থগিত করা হলো।
এর আগে ৫ মার্চ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। তখন জানানো হয়, কোয়ান্টাম ফাউন্ডেশশের তৈরি করা ‘বৈজ্ঞানিক জীবনধারা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ সংক্রান্ত ম্যানুয়ালটির উপর ভিত্তি করে পরিকল্পনা অনুসারে স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি সমঝোতা স্মারকের মাধ্যমে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ পরিচালনা করা হবে।
আরও জানানো হয়, প্রশিক্ষণ কর্মসূচিটি বিনামূল্যে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ-পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রমের নিয়মিত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি মনিটরিং পুল গঠন করবে। প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করবে। প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্যক্রম এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গুরুজি শহীদ এল-বুখারির বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে আসায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদেশ জারির পর ফেসবুকে ফাউন্ডেশনের কার্যক্রম, তহবিলের উৎস এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান গুরুজি শহীদ এল-বুখারি সম্পর্কে কিছু অভিযোগ উঠে আসে।