logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। ছবি: পিএমও

আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে এ দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বৈশ্বিক শান্তি রক্ষা, আন্তর্জাতিক নিরাপত্তা, বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে কার্যকর সংলাপ ও সমঝোতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বর্তমান বিশ্বের জটিল সংকটগুলো মোকাবিলায় জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করা জরুরি।’

আইপিআই প্রেসিডেন্ট আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।