চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ১৫ বছরের জন্য দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় চূড়ান্ত চুক্তি হচ্ছে। ইনভেস্ট বাংলাদেশ (সাবেক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) ‘কনসেশন’ বা ‘পরিচালনার অধিকার’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা করিমসহ ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ১৫ বছর এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড। কিন্তু তারা মোট কত বিনিয়োগ করবে, নতুন কী যন্ত্রপাতি সংযুক্ত করবে, প্রতি কনটেইনার হ্যান্ডলিং বাবদ বন্দর কত টাকা ফি পাবে, চুক্তির শর্ত লঙ্ঘন করলে বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি বন্দর কর্তৃপক্ষ।
সাইফ পাওয়ারটেকের তথ্যমতে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর, যা দেশের প্রায় ৯২% আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করে। এ কারণে জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) একটি মৌলিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এর প্রধান উদ্দেশ্য বন্দর ব্যবহারকারীদের প্রতিযোগিতামূলক মূল্যে দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে প্রয়োজনীয় সেবা ও সুবিধা প্রদান করা। সামুদ্রিক বাণিজ্যে কনটেইনারাইজেশনের ক্রমবর্ধমান প্রবণতার পরিপ্রেক্ষিতে ৬৫ একর জমির ওপর ৭৩৭ কোটি টাকা ব্যয়ে ১০০০ মিটার দীর্ঘ বার্থ এবং ব্যাকআপ সুবিধাসহ এনসিটি নির্মাণ করা হয়েছে। নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ২০০৭ সালের মে মাস থেকে জাহাজ চলাচল শুরু হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০৭ সালে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) মাধ্যমে বেসরকারীকরণের নীতি গ্রহণ করে এবং কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমের জন্য মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেডকে নিযুক্ত করে। সাইফ পাওয়ারটেক লিমিটেড ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এনসিটি টার্মিনালে ৪৩৪৩টি জাহাজ এবং ৭০ লাখ টিইইউ হ্যান্ডেল করেছে এবং অভ্যন্তরীণভাবে চট্টগ্রামের পাঙ্গাওন টার্মিনালে ৭৫৪টি জাহাজ এবং ১ লাখ টিইইউ হ্যান্ডেল করেছে।
এনসিটির ব্যাক-আপ অপারেশনের জন্য ২৯২২৮৭ বর্গমিটারের একটি কন্টেইনার স্টোরেজ ইয়ার্ড রয়েছে, যেখানে ফ্রোজেন কন্টেইনারের জন্য ৭০০টি রিফার প্লাগের সুবিধা আছে এবং ৪ (চার) দিনের ডওয়েল টাইম হ্যান্ডলিং গণনার ভিত্তিতে এর মোট ইয়ার্ড কন্টেইনার ধারণক্ষমতা প্রতি বছর ১১৯৮২৯৫ টিইইউ। এই ব্যাক-আপ অপারেশন পরিচালনার জন্য ২৩টি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি), ১২টি স্ট্র্যাডেল ক্যারিয়ার (এসসি) এবং ১৫টি ফর্ক লিফট (এফএলটি) রয়েছে।
