logo
Advertisement

অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় কী ব্যবস্থা নেওয়া হলো, সংসদে প্রশ্ন

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় কী ব্যবস্থা নেওয়া হলো, সংসদে প্রশ্ন
সংসদ অধিবেশনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী ও পাশে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করার মুহূর্ত। ছবি: কোলাজ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়েছে জাতীয় সংসদ। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কি না, জবাব চেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিষয়টি সংসদের নজরে আনেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জহরত আদিব চৌধুরী বলেন, হয়তো এটা পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। তবু গুরুত্বপূর্ণ একটি বিষয় নজরে আনতে চাই।

এ সময় ইতালিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী বাঁধনের ওপর হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, বাঁধন একজন জুলাই যোদ্ধা। তার অপরাধ চব্বিশের অভ্যুত্থানের সময় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সে জন্য তাকে দূর প্রবাসেও হেনস্তা ও হামলার শিকার হতে হয়েছে।

জহরত আদিব বলেন, একজন অভিনেত্রী ও নারী হিসেবে তার ওপর চরমভাবে ফ্যাসিস্ট সরকারের 'আইডেন্টিফাইড' লোকজন হামলা চালানোর স্পর্ধা দেখিয়েছে। তারা বাংলাদেশে নেই কিন্তু মনে করে পৃথিবীর যেকোনো জায়গায় আইনশৃঙ্ক্ষলা ভঙ্গ করতে পারে তারা। এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কি না এবং ইতালির আইনশৃঙ্ক্ষলা বাহিনী বা ইতালি সরকারের সঙ্গে কীভাবে শক্ত পদক্ষেপ নেওয়ার কাজ করছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের কাছে জানতে চান এই সংসদ সদস্য। তবে তার বক্তব্যের সময় দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ইতালিতে অভিনেত্রীর ওপর হামলা অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এতে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বা ২ এলে এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে বা নেবে, তা জানতে চাওয়া হবে বলে তিনি সংসদকে জানান।