Advertisement

জুলাই বিপ্লব দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
জুলাই বিপ্লব দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
ছবি : এশিয়া পোস্ট

চব্বিশের জুলাই বিপ্লব দীর্ঘদিনের স্বৈরাচারীবিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৫২-র ভাষা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭১-এর মুক্তিযুদ্ধ এবং ‘৯০-এর আন্দোলনের মতো জুলাইয়ের গণবিপ্লবও আমাদের অর্জনের এক অনন্য প্রতীক। ২০০৯ সালের পর থেকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গুম, হত্যা, দুর্নীতি, অর্থপাচার ও রাজনৈতিক নিপীড়নের ফলে মানুষের মনে জমা হওয়া ক্ষোভই জুলাইয়ে অগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে।’

ছাত্র-জনতার প্রতিরোধের প্রশংসা করে তিনি আরও বলেন, রাজপথে নেমে আমাদের ছেলে-মেয়েদের এমন প্রতিরোধ গড়ে তোলা পৃথিবীর ইতিহাসে বিরল। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রণালয়ের নতুন পরিকল্পনার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গঠনের শপথ নিচ্ছি। সাধারণ মানুষের জন্য সুচিকিৎসা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও বিদেশি অপশক্তির সহায়তায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করার চক্রান্ত করছে। এই চক্রান্ত ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো ব্যবহার করে গুম-হত্যার মাধ্যমে দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। তবে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শাসকগোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।