logo

হজ নিবন্ধনের সময় বাড়ছে না, শেষ হচ্ছে কাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
হজ নিবন্ধনের সময় বাড়ছে না, শেষ হচ্ছে কাল
সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত আরাফার ময়দানে হাজিরা। ছবি: হারামাইন

হজ নিবন্ধনের শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। এই সময়ের পর নিবন্ধনের সময় বাড়ানোর সুযোগ থাকছে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৫৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৯৭৪ জন নিবন্ধন করেছেন। এখনও নিবন্ধনের বাকি রয়ে গেছে ১৯ হাজার ১০৮টি কোটা।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, নিবন্ধনের সময়সীমা না বাড়লেও এই সময়ের ভেতরে কোটা পূরণ হওয়ার আশা করা যাচ্ছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য হজযাত্রী নিবন্ধন করেছেন।

জানা যায়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংগ্রহের জন্য এবার ২ হাজার করে ২৮টি লিড এজেন্সির সর্বনিম্ন কোটা নির্ধারণ করা হয়েছে। ৬৭৩টি সমন্বয়কারী এজেন্সির জন্য করা হয়েছে সর্বনিম্ন কোটা ৪৫ জন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘সৌদি সরকারের নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার হজ নিবন্ধন শেষ হচ্ছে। নিবন্ধনের সময়সীমা সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করেন। সময় বাড়ানো হবে কি না, এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো আপডেট নেই।’

হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এশিয়া পোস্টকে বলেন, ‘নিবন্ধনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। আশা করছি, এই সময়ের মধ্যে নিবন্ধনের কোটা পূরণ হয়ে অতিরিক্তও হবে।’

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজে গমনেচ্ছুদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়। ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে প্রাথমিক বা চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হয়, যার সময় আগামীকাল শেষ হচ্ছে। চূড়ান্ত নিবন্ধনকারীদের আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আগামী বছরের হজের ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল।