logo

হামলাকারী দেশের নাম উল্লেখ না করে খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক

হামলাকারী দেশের নাম উল্লেখ না করে খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ। খামেনির হত্যার খবর প্রকাশের একদিন পর সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে।

কোন থেকে হামলা চালানো হয়েছে সেটি উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আন্তর্জাতিক আইন ও রীতি না মেনে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে সরকার।’

তাতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাত কোনো সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।’

এর আগে, গতকাল রোববারও পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্য শুরু হওয়া যুদ্ধ নিয়ে বিবৃতি দিয়েছে।

গতকালের ‍বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরানে হামলার পর দেশটিতে থাকা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।’

‘বাংলাদেশ সাবধান করে দিতে চায়, সংঘাত চালিয়ে গেলে তা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক জনগণের সমৃদ্ধিকে বিপন্নই করবে। সর্বোচ্চ সংযমের চর্চা এবং মতপার্থক্য দূর করতে কূটনীতিতে ফেরার জন্য সংশ্লিষ্ট সবপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।’

‘বাংলাদেশ এ অঞ্চলের কয়েকটি দেশের—বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের—সার্বভৌমত্ব লঙ্ঘনেরও নিন্দা জানায়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শিগগিরই পরিস্থিতি শান্ত হয়ে উঠবে এবং ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছে বাংলাদেশ।’