logo

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বোসরা ইসলাম।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিমানের একটি সূত্র জানিয়েছে। 

এর আগে, স্থানীয় সময় শনিবার ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দপ্তরের কাছাকাছি এলাকায় আঘাত হানে। তবে, হামলার আগেই খামেনিকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানও। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় কোনো ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই সংলাপ শেষ হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সেসময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। 

১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।