logo

১০ নভেম্বর তুরষ্কে যাবেন প্রধানমন্ত্রী: জলবায়ু পরিবর্তনমন্ত্রী

১০ নভেম্বর তুরষ্কে যাবেন প্রধানমন্ত্রী: জলবায়ু পরিবর্তনমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : বাসস

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ নভেম্বর তুরষ্কে যাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এমন পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তার সুনির্দিষ্ট অগ্রগতি চায় বাংলাদেশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় স্বার্থে কাজ করবে বাংলাদেশের প্রতিনিধি দল।’

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়নের পাশাপাশি নতুন অর্থায়ন লক্ষ্যের আলোকে পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও প্রধানত অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ। বিশেষ করে অভিযোজন এবং লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় অনুদান বাড়ানো ও জলবায়ু তহবিলের আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।’