logo
Advertisement

পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা
বাস চলাচল। ছবি: ঢাকা পোস্ট

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন।

একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়ে নির্দেশনায় বলা হয়, দৈনিক চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে এক বার্তায় ডিএমপি জানিয়েছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরের দুটি বাসের পর এবার বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ডিএমপির বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. রাশেদ জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। তারা কাজ করছে।

এ ছাড়া রাজধানীর মিরপুর ১ ও ১১ নম্বরে প্রায় একই সময়ে যাত্রীবাহী দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে। তবে দুটি ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মিরপুর-১-এ পৌনে ৭টার দিকে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। এ সময় সাধারণ জনগণ ও পুলিশের তৎপরতায় আগুন ধরার সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলা হয়।

পল্লবীর আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

এদিকে, পল্লবী থানাধীন মিরপুর-১১-এর জমজম টাওয়ারের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির এশিয়া পোস্টকে বলেন, ‘মিরপুর-১ এলাকায় একটি শিকড় পরিবহনের বাসে আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, ‘কে বা কারা আগুন লাগিয়েছে, সেটি আমরা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর-১ এলাকায় একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কিন্তু আমাদের তৎপরতার কারণে সেটি সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগানোর চেষ্টার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।’