নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: শিক্ষা সচিব

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, ‘মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ও প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করাও আমাদের অগ্রাধিকার।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ‘ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশন’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।
আবদুল খালেক বলেন, ‘পুষ্টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই-নির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মিলাতে হলে ইউনেস্কোকে যথাযথ কৌশল গ্রহণ করতে হবে। এর পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করার বিষয়টিও বিবেচনা করতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি করা এবং শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই তাদের বিদ্যালয়ে উপস্থিতি ও অধ্যয়ন অব্যাহত রাখা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
আবদুল খালেক আরও বলেন, ‘আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে একটি আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি, দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি।’