logo

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ
বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা রোগীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন।

রিয়াজ উদ্দিন বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটির দরজা খুলে যায়। পরে পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে।’

তিনি বলেন, অবতরণের পর এয়ার অ্যাম্বুলেন্সে থাকা রোগীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজ উদ্দিন আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটিতে দুজন ক্রু, একজন রোগী, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক এবং রোগীর দুজন অ্যাটেনডেন্ট ছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির সুনির্দিষ্ট কারণ, রোগীর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।