পুলিশিংকে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে: আইজিপি

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকে আধুনিক, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে বলে জানিয়েছে আইজিপি মো. আলী হোসেন ফকির।
শনিবার (১৮ জুলাই) বিকেলে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে মাস্টার্স প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা)। স্বাগত বক্তব্য দেন কলেজের ফ্যাকাল্টি সদস্য ও একাডেমিক পরিচালক।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আলী হোসেন ফকির বলেন, সাইবার অপরাধ, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, আর্থিক অপরাধ, ভুয়া তথ্যের বিস্তার এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞানের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আধুনিক পুলিশিং শুধু অপরাধ দমন বা অপরাধী গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকদের মানসম্মত সেবা প্রদানই এর মূল লক্ষ্য। এজন্য তিনি দক্ষ নেতৃত্ব, বিশ্লেষণী সক্ষমতা ও আজীবন শিক্ষার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে রেক্টর কাজী মো. ফজলুল করিম বলেন, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ পুলিশের শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্ব বিকাশের উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন এবং কলেজের একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ম্যাকপম’ (MACPM) কোর্সটি এক বছর মেয়াদি এবং দুই সেমিস্টারবিশিষ্ট। এবারের ১০ম ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং চিকিৎসকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন।
আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে উচ্চতর পুলিশ শিক্ষা, গবেষণা এবং পেশাগত নেতৃত্ব বিকাশের ধারাবাহিক প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো।
.png)






